বরিশাল আ.লীগ সভাপতির অপসারণের দাবিতে একাংশের বিক্ষোভ

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখ শামীম এবং সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর অনুসারীর।

শনিবার (২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর সার্কিট হাউজ থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এসে জড়ো হয়। এর পরে অশ্বিনী কুমার হলের সামনে নেতা কর্মীরা নগর আওয়ামী লীগ সভাপতিকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বর্তমান সিটি মেয়রের অনুসারী অসিম দেওয়ান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম।

প্রসঙ্গত, গত বুধবার বরিশাল সিটি করপোরেশনের ভোট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নি‌য়ে শান্তি সমা‌বে‌শের শোডাউন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর বলেন, ‘আমাদের পাকা ফসল কেটে আর একজন ঘরে তুলবে তা হতে দেয়া হবে না। আমরা কোনো বহিরাগতকে সুযোগ দেব না। সিটি নির্বাচনে আমাদের পাখা বানিয়েছে। ওই নির্বাচনের মতো আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার খেলা হবে। জনগণ ভোট কেন্দ্রে যাবে। প্রশাসন ব্যবহার করে বাক্স ভরবেন, সেই সুযোগ নেই।’

মহানগর আওয়ামী লীগ সভাপ‌তির এমন বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন দলটির একাংশ। এছাড়াও নেতাকর্মীরা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমেও সমালোচনার পাশাপাশি এর প্রতিবাদ করছেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও তার ছেলে সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী কেএম জাহাঙ্গীর।