অসুস্থ আল্লু অর্জুন, পেছাল ‘পুষ্পা ২’র শুটিং

‘পুষ্পা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। রাতারাতি হয়ে উঠেন সর্বভারতীয় তারকা। গত বছরের শেষদিকে শুরু হয় ‘পুষ্পা ২’-এর প্রস্তুতি। চলতি বছরের প্রথম দিকে শুরু হয় শুটিং। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে চলছে শুটিং।

২০২৪-এর প্রথম দিকে মুক্তি পাবার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। এরমধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আল্লু। আবার পিছিয়ে গেল ছবির শুটিং। প্রভাব পড়তে পারে মুক্তির তারিখে। হঠাৎ কী হল অভিনেতার?

শোনা যাচ্ছে, গত কয়েক দিন ধরে চলছিল শুটিং। আল্লু পোশাক পরে শুটিং করছিলেন, তার ওজন ছিল অনেকটা বেশি। এমন ভারী পোশাক পরে নাচের ও মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পান। নায়কের পিঠের ব্যাথা বাড়তে থাকায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক সুকুমার।

সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শুরু হবে শুটিং। এই নিয়ে অসংখ্য বার পিছিয়েছে ‘পুষ্পা ২’ এর শুটিং।