চোর সন্দেহে জামাইকে পিটিয়ে হত্যা!

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে শ্বশুরবাড়ির লোকজন জামাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যান। নিহত খোকন মিয়ার বোন বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। নিহত ব্যক্তির নাম মো. খোকন মিয়া (৪৪)। তিনি সুন্ধিরবন এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০ বছর আগে মাইজখাপন ইউনিয়নের পাঁচধা গ্রামে বিয়ে করেন খোকন মিয়া। তাদের পরিবারে তিনটি সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে থাকায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে এসে খোকন মিয়া সরাসরি তার শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। এসময় দরজায় নক করলে শ্বশুরবাড়ির লোকজন চোর বলে খোকন মিয়াকে আটক করে বেঁধে রেখে রাতভর হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতন চালান। সকালে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা নিহত খোকনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, নিহত খোকন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ১১ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত নিহত খোকনের শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে।