গাবতলীতে বাসে আগুন

রাজধানী গাবতলীর বাস টার্মিনালে পদ্মা লিং পরিবহনে একটি আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২ ডিসেম্বর) রাত ১১ টা ৭ মিনিটের দিকে গাবতলী বাস টার্মিনালের প্রধান সড়কের উপর যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়।

পথচারীরা জানান, পদ্মা লিং নামের পরিবহনটি যাত্রীর অপেক্ষায় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। গাড়িটির আশপাশে পুলিশ ও সাধারণ মানুষের উপস্থিতির মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটে। গাড়িটি গাবতলী-পাটুয়াটুলি রুটে চলাচল করে। এই মহুর্তে সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আছেন। তবে আগুন নেভানোর তৎপরতা শুরু হয়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান জানান, তারা খবর পেয়েছেন। তাদের ইউনিট সেখানে গেছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বলেন, দুর্বৃত্তরা আনুমানিক রাত ১১টার দিকে একটি বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তাৎক্ষনিকভাবে হতাহতের খবর পাননি। তারা বিষয়টি দেখছেন।