লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান পবনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ তার অনুসারীদের বিরুদ্ধে পবন এ অভিযোগ করেন। ভুক্তভোগী পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বলোড়া গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত নুরুল ইসলাম ভূঁইয়া ছেলে।
তিনি শনিবার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া এলাকায় এ হুমকির শিকার হন। এ বিষয়ে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত নোয়াখালী (সদর) অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পবন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০ নভেম্বর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়েছে। সেখানে ১০ জনের স্বাক্ষর যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্টরা। স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের খুঁজে অভিযুক্ত শুভসহ কয়েকজন হুমকি-ধমকি দিয়েছে। তার মনোনয়নের জন্য স্বাক্ষর দেওয়ার বিষয়টি যেন অস্বীকার করে এ ধরণের হুমকি দেয় তারা। শনিবার দুপুর ২টার দিকে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকা থেকে শুভসহ কয়েকজন পবনের মাইক্রোবাস গতিরোধ করার চেষ্টা করে। তারা মোটরসাইকেলযোগে পবনের মাইক্রোবাসের সামনে-পিছে প্রায় ৬ কিলোমিটার এ চেষ্টা চালায়। একপর্যায়ে উপজেলার পানপাড়া এলাকায় রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে তার গাড়ির সামনে অভিযুক্তরা মোটরসাইকেল থামায়। তখন তারা নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পবনসহ তার সহযোগীদেরকে বিভিন্ন ধরণের হুমকি দেয়। এ সময় পবন ও তার গাড়ি চালক কবির হোসেনকে হত্যার হুমকিও দিয়েছে তারা। ঘটনাটির একটি ভিডিও ধারণ করে পবন অভিযোগ সঙ্গে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে জমা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান পবন বলেন, শুভসহ অভিযুক্তরা আনোয়ার খান এমপির অনুসারী। আমি ও আমার গাড়ি চালককে তারা হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত শুভ লক্ষ্মীপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খানের অনুসারী হিসেবে পরিচিত। তবে অভিযোগ অস্বীকার করে শুভ জানিয়েছেন, পবনের গাড়ি চালক তাদের মোটরসাইকেল চাপা দিতে চেয়েছেন। তিনি শুধুমাত্র রাস্তায় পবনের মাইক্রোবাস দাঁড় করিয়ে এর প্রতিবাদ করেছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, যুবলীগ নেতা পবন মোবাইলফোনে বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।