নৌবাহিনী প্রধান বললেন

নবীন নাবিকরা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবেন

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপরিচিত। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবেন।’

গতকাল শনিবার পটুয়াখালীর কলাপাড়া বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৩ ব্যাচের ৬৭১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে এ সময় নবীন নাবিকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এই ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. তাহাজ্জত হোসেন তপু পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. ফারদিল হোসেন দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং আশিফুর রহমান আসিফ তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বরিশাল জেলার জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।