নৌকার প্রার্থীকে ‘ফুল দেওয়া’ এসআই প্রত্যাহার!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা হলেন বাগমারা উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান। গতকাল শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে এসআই জিলালুরের দাবি এটি এক বছর আগের পুরাতন একটি ছবি।

জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে এসআই জিলালুর ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এমন একটি ছবি গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এটি নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল এসআই জিলালুর রহমানকে রাজশাহী পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

এসআই জিলালুর রহমান বলেন, ‘ফেসবুকে যে ছবি প্রচার করা হচ্ছে, সেটা প্রায় এক বছর আগের। প্রতিপক্ষের লোকজন এটি ছড়াচ্ছে।’ এরই মধ্যে পুলিশ লাইনসে চলে গেছেন বলে জানান তিনি।