দেশের জন্য কাজ করতে হবে : বিজিবি ডিজি

বিজিবি সদস্যদের সব সময় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল শনিবার শ্রীমঙ্গল ও কুড়িগ্রাম সীমান্ত পরিদর্শনের সময় বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক গতকাল সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর ও জামালপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শ্রীমঙ্গল ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিজিবি সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনের জন্য সদা প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি