সাংবাদিক খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

যুগান্তরের সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিক আব্দুর রশীদের করা মামলাকে হয়রানিমূলক উল্লেখ করে তা ১০ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই জানানো হয়। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এই মামলা ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। এই পর্যন্ত যারাই নেসারুল হক খোকনের বিরুদ্ধে মামলা করেছেন তারা এখন কারাগারে। সুতরাং সাবধান হয়ে যান; দ্রুত মামলা প্রত্যাহার করুন।’ তিনি আরও বলেন, ‘গত ২১ নভেম্বর ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, কর্ণফুলীর ৭ ড্রেজার নির্মাণে দুর্নীতি’ শিরোনামে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণই পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিবেদনের অংশ। এরপর এ রকম হয়রানিমূলক মামলার পেছনে উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন সাংবাদিক সমাজ।’ ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ বলেন, ‘যেখানে পানিসম্পদ মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে বলেছে, সরবরাহকৃত ৬১৫ কোটি টাকারও বেশি দামে কেনা ৭ ড্রেজার নির্মাণে শর্ত ভঙ্গ করা হয়েছে ও পিপিআর মানা হয়নি। সেখানে যুগান্তরে প্রকাশিত ওই প্রতিবেদন মিথ্যা, বানোয়াট উল্লেখ করে মামলা করা দুরভিসন্ধিমূলক।’ মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্র্যাবের সদস্যর পাশাপাশি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটের নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন