সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন উৎসবমুখর করতে কাউন্সিলরদের সহযোগিতা প্রয়োজন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার নগরীর ধোপাদিঘিরপাড়ের হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ভোটারদের নির্বাচনমুখী করতে সিটি করপোরেশনের কাউন্সিলরদের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ‘নগর এলাকায় ওয়ার্ড কাউন্সিলররা যার যার ওয়ার্ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকেন। সরকারের মাঠপর্যায়ের সেবা ও উন্নয়ন ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই আসন্ন নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে ওয়ার্ড কাউন্সিলরদের ভূমিকার বিকল্প নেই। ওয়ার্ড কাউন্সিলররা ভোটারদের নির্বাচনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।’ ড. মোমেন নির্বাচনে সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ গত ১০ বছর আওয়ামী লীগের ছিল না। এরপরও সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। দলমত না দেখে তিনি সব এলাকার উন্নয়ন করে যাচ্ছেন। এই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনাকে সরকারপ্রধান হিসেবে অধিষ্ঠিত করতে হবে।’ সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। তবে এখানে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই।