গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, চালক দগ্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথন এলাকায় রোববার সকালে চলন্ত একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাক চালক দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রোববার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় হঠাৎ করে রডভর্তি চলন্ত একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ওই ট্রাকে ছড়িয়ে পড়ে। অল্পের জন্য চালক ও সহযোগী প্রাণে বেঁচে গেলেও দগ্ধ হন চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই ট্রাকের বিভিন্ন অংশ পুড়ে যায়।

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পরে দগ্ধ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে ওই ট্রাকের বিভিন্ন অংশ পুড়ে যায়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।