বাগেরহাটের বাদামতলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই আরোহী।
রোববার সকাল দশটার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারে ছেলে মিজান জমাদ্দার (৩৮) এবং একই গ্রামের জাফর খানের ছেলে রাফি খান (২৫)।
আহতরা হলেন একই উপজেলার ফয়সাল খান ও রনি শেখ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, সকাল দশটা নাগাদ বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাদামতলা এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার সামনে থাকা দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মোটরসাইকেল আরোহীরা বাগেরহাট থেকে শরণখোলায় ফিরছিলেন।
ঘাতক বাস ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।