ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মারাওয়ি শহরে এক বিশ্ববিদ্যালয়ে ক্যাথলিকদের প্রার্থনা চলাকালীন বোমা হামলায় চারজন নিহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া এ বিস্ফোরণে ৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার দেশটির দক্ষিণাঞ্চলে বৃহত্তম মুসলিম শহর মারাউইতে মিনডানাও স্টেট বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চাকেন্দ্রে ওই প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছিল। তখন সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও বিবিসি।
আঞ্চলিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অ্যালান নোব্লেজা জানিয়েছেন, এ বোমা হামলার পিছনে দাওলাহ ইসলামিয়াহ-মাউতে গ্রুপ নামক জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
২০১৭ সালে মারাওয়ি শহরটি পাঁচ মাস ধরে জঙ্গিরা নিজেদের দখলে রেখেছিলেন। ইসলামিক স্টেট–সমর্থিত জঙ্গিরা প্রতিশোধ নিতে এ হামলা চালাতে পারে বলে ধারণা প্রশাসনের।
ফিলিপাইনের সেনাবাহিনী মাগুইনদানাও ডেল সুর প্রদেশে গত শুক্রবার অভিযান চালায়। গতকাল শনিবার সেনাবাহিনী বলেছে, তাদের অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহত জঙ্গিদের মধ্যে ইসলামিক স্টেট–সমর্থিত দাওলাহ ইসলামিয়াহ-ফিলিপাইনের জঙ্গিরা ছিলেন।
দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বিস্ফোরণটিকে "বিবেকহীন এবং সবচেয়ে জঘন্য" কাজ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন। এই বিস্ফোরণ "বিদেশী সন্ত্রাসীরা দ্বারা সংঘটিত" বলে মন্তব্য করেছেন তিনি। তবে বিস্তারিত কিছু জানাননি।
এছাড়া অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।