মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। মুক্তির পর বক্স অফিসে সুনামির বেগে ঝড় তুলেছে চলচ্চিত্রটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, অ্যানিমেল শনিবার ভারতে প্রায় ৬৬ কোটি রুপি আয় করেছে। দুই দিনের ভারতে মোট আয় ১৩০ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী আয় ২৩৬ কোটি রুপি।
এদিকে, একইদিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল বাংলাদেশেও। কিন্তু কিছু জটিলতার কারণে সিনেমাটি বাংলাদেশের পর্দায় দেখাতে পারেনি। তবে বাংলাদেশে ‘অ্যানিমেল’ মুক্তিতে চলচ্চিত্রের ১৯ সংগঠনের কোনো আপত্তি নেই। রবিবার দুপুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, ১৯ সংগঠনের মাধ্যমে সিনেমাটি আনতে হবে। তবে এর আমদানিতে আমাদের কোনো আপত্তি নেই।
২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। ‘অ্যানিমেল’ সিনেমাটিতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন বাবা-ছেলের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।