সাত মাস ধরে বাপের বাড়িতে ছিলেন স্ত্রী। সম্প্রতি তাকে নিজের বাড়িতে ডেকে এনে অ্যাসিড ছুড়েছেন স্বামী। এরপর দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হলো। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের কেষ্টপুরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কেষ্টপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা সঞ্জীব দে। আট বছর আগে ওই নারীর সঙ্গে তার বিয়ে হয়। প্রতিবেশীরা জানান, দুজনের মধ্যে বনিবনা ছিল না। তাই স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতেই থাকতেন স্ত্রী। এ সময় তাদের কথাবার্তাও প্রায় বন্ধ ছিল। যদিও সম্প্রতি তারা বেশ কয়েকবার কথা বলেছিলেন বলে জানা গেছে।
এর মধ্যেই দুপুরে স্ত্রীকে নিজের বাড়িতে ডেকে আনেন সঞ্জীব। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্ত্রী ঘরে ঢুকতেই তাকে অ্যাসিড ছোড়েন সঞ্জীব। এতে নিজেও আহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের পাঠানো হয় আরেকটি হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাটি পারিবারিক বিবাদের জেরে ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে ওই নারীর অভিযোগের ভিত্তিতে সঞ্জীবকে আটক করা হয়েছে।