স্যাটেলাইট কর্মসূচি বা মহাকাশে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপ ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে উত্তর কোরিয়া। কৌশলগত সম্পদের ওপর আক্রমণের আশঙ্কা দেখা দিলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে পিয়ংইয়ং।
গতকাল শনিবার (০২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় কিম জং উন সরকার।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জবাবে মহাকাশে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটের কার্যকারিতা হ্রাস বা ধ্বংস করে দেবে পিয়ংইয়ং।
গত ২১ নভেম্বর প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করে উত্তর কোরিয়া। স্যাটেলাইট ব্যবহার করে দেশটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড, জাপান এবং গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটির ছবি তোলে।
উত্তর কোরিয়ার আন্তর্জাতিক সম্পর্কের এক বিশ্লেষক বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ যদি অপরাধ হয় তবে যুক্তরাষ্ট্রের উচিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মুখোমুখি হওয়া। কারণ তারাই বিশ্বের সবচেয়ে বেশি স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ।
এছাড়াও কোরীয় উপদ্বীপের আশপাশে এশিয়ার উত্তর–পূর্বাঞ্চলে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত হলে এর জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ দায়ী হবে বলে মন্তব্য করেন তিনি।