প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয়ে মনোনয়ন প্রতারণা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার আবু জাফর রাজুর পরিচয়ে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)।

গ্রেপ্তারকৃতরা হলেন প্রতারক মনিরুল ইসলাম ভুট্টো (৩৫) ও শহিদুর রহমান ওরফে শহিদুল হক ওরফে দিপু (৫৫)। মনিরুলকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ এবং দিপুকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগ। 

আজ রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। এর আগে গতকাল শনিবার রাজধানী ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ডিবির একাধিক বিভাগ তাদের গ্রেপ্তার করে।

ডিবি প্রধান বলেন, গ্রেপ্তার শহিদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। কিন্তু মাদকের সঙ্গে জড়িয়ে বর্তমানে ইয়াবার কারবার ও প্রতারণা করে আসছেন। বেশ কিছু দিন ধরে শহিদুর ধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি পরিচয়ে জামালপুর, শেরপুর জেলার ডিসিসহ বিভিন্ন জেলা পরিষদের কার্যালয়ের প্রধান নির্বাহীদের ফোন করে প্রতারণার করছিলেন।

প্রতারক শহিদুর রহমানকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি ইয়াবা কারবারে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ও প্রতারণাসহ ১০ টির বেশি মামলা রয়েছে।

গোয়েন্দা প্রধান হারুন বলেন, শহিদুরের উদ্দেশ্য ছিলো মাদক ও প্রতারণার মাধ্যমে ১০-১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে দুবাই রেসিডেন্স পারমিট নিয়ে চলে যাওয়া।