ট্রল ও সব কটাক্ষের জবাব দিলেন শুভশ্রী

একাধারে অভিনেত্রী, প্রযোজক শুভশ্রী গাঙ্গুলি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি দক্ষ হাতে সামলাচ্ছেন পেশাগত জীবন। সদ্য দ্বিতীয়বার মা হয়েছেন। তারপরও যেন ট্রল তার পিছু ছাড়ছে না। কখনো বাড়তি ওজন নিয়ে আবার কখনো দেহের গঠন কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার জন্যও ট্রলের মুখে পড়েছেন অভিনেত্রী। নেতিবাচক মন্তব্যকে সচরাচর এড়িয়ে চলেন শুভশ্রী। তবে এবার সপাটে জবাব ছুঁড়লেন।

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে গিয়েছেন। বিভিন্ন সময় সেই ছবি পোস্ট করেছেন সোশ্যালে। সদ্য একটি ভিডিও পোস্ট করে যাবতীয় ট্রলিংয়ের উত্তর দিলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা অভিনেত্রী কাজের ব্যস্ততার ফাঁকে একাধিক ট্রল-কটাক্ষ পড়ছেন নিজের ফোনে। মুখে কোনও উত্তর দেননি তিনি। তার চোখে-মুখে বিরক্তির ছাপ। শুধু হাতের আঙুল দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন, এসবে তোয়াক্কা করেন না তিনি।

অর্থাৎ, স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো ট্রলিং বা কটাক্ষকে পাত্তা দেন না তিনি। জীবন বাঁচেন নিজের ছন্দে। এদিকে, দ্বিতীয় সন্তান জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসছেন রাজ-শুভশ্রী। কাছের মানুষেরাও শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত শুভশ্রী রবিবার সকাল সকালে সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘হ্যালো সকলকে, আমাদের একরত্তি আসার পরে আমরা সত্যিই ভালোবাসায় ভরে রয়েছি। ক্ষমা চাইছি সকলের শুভেচ্ছা বার্তা এবং ভালোবাসার উত্তর না দিতে পেরে। সকল শুভাকাঙ্খী এবং ভালোবাসার মানুষদের অনেক অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ’।

রবিবার সকাল সকাল হাসপাতালের বিছানায় বসে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি সেলফিও পোস্ট করেছেন শুভশ্রী। হাসপাতালের পোশাকে দেখা মিলেছে টলি নায়িকার। সেই ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে।