মুরশিদার ফিফটিতে বেনোনিতে বাংলাদেশ ১৪৯/২

মুরশিদা খাতুনের দারুণ ফিফটিতে দক্ষিণ আফ্রিকা নারী দলকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বেনোনিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী দল। 

এদিন শামীমা সুলতানা ও মুরশিদার উদ্বোধনী জুটিতে ৪৪ রান আসে। জুটি ভাঙে শামীমার বিদায়ে নন্ডুমিসু শাঙগাসের বলে আউট হওয়ার আগে ২৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন শামীমা। ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি।

দ্বিতীয় উইকেটে সোবহানা মোশতারির সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন মুরশিদা। ৩ চারে ১৭ বলে ১৬ রান করে ফেরেন সোবহানা। এর পর আর উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ও মুরশিদার অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটজুটিতে আসে ৪২ বলে ৬৬ রান।

ইনিংস উদ্বোধন করতে এসে দারুণ ব্যাটিং করতে থাকা মুরশিদা ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন মাত্র ৩৫ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ বলে ৬২ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ১টি ছক্কা।

অন্যপ্রান্তে বেশ ঝড়ো গতিতে ২১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক ইনিংসে চার মারেন ৬টি। সফরের প্রথম টি-টোয়েন্টিতে ২ উইকেটে ১৪৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।