৯ মাসে দুবার চীনে বেলারুশের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রবিবার (০৩ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছর দ্বিতীয় বারের মতো চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এ মিত্র। এর আগে ২৮ থেকে ২ মার্চ তিনি চীন সফর করেছিলেন।

লুকাশেঙ্কোর প্রেস সার্ভিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটিএ বলছে, এই সফরে প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৈঠক রয়েছে লুকাশেঙ্কোর। দুই নেতার আলোচনায় বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো স্থান পাবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম সফরের সময় লুকাশেঙ্কোকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে স্বাগত জানানো হয়। তার সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট শি বলেন, চীন-বেলারুশ বন্ধুত্ব অটুট। উভয় পক্ষের উচিত ক্রমাগত পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস বৃদ্ধির মাধ্যমে একে অপরের প্রকৃত বন্ধু এবং আরও ভালো অংশীদার হওয়া।