কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’, নেপথ্যে কী

বিভিন্ন উপলক্ষে ভারতের সাফল্য উদযাপন এবং সে বিষয়ে যুবসমাজকে সচেতন করতে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ তৈরির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপালদের এই নির্দেশনা দিয়েছেন ইউজিসি সচিব মণীশ জোশী।

আনন্দবাজার অনলাইন ও এই সময় জানিয়েছে, সেলফি পয়েন্টের পটভূমিকায় কী থাকবে তা নিয়েও শুক্রবার বিস্তারিত নির্দেশ দিয়েছে ইউজিসি। কয়েকটি সূত্রে জানা গেছে, সেলফি জোনের পটভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রাখতে বলা হয়েছে। তবে নির্দেশনায় এ বিষয়ে উল্লেখ করা হয়নি।

পটভূমিকায় বলা হয়েছে, সব সেলফি পয়েন্টের বিষয় থাকবে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত ‘সেলফি পয়েন্ট’ বিশেষ জায়গায় স্থাপন করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের সেলফি তুলতে এবং সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে উৎসাহ দিতে বলা হয়েছে।

এদিকে ইউজিসির এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছে কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বতন টুইটার) লিখেছেন, আমাদের সেলফিকেন্দ্রিক এবং আত্মকেন্দ্রিক প্রধানমন্ত্রী লোকসভা ভোটের আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের মুখ বাঁচাতে কোনো কিছু বাদ রাখছেন না। প্রথমে সেনাবাহিনীকে সেলফি পয়েন্ট স্থাপন করতে বলা হয়। তারপর আইএএস অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের রথযাত্রা করতে বলেছিলেন। এখন তিনি ইউজিসিকে বিশ্ববিদ্যালয়ে সেলফি পয়েন্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন।