ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তিনটি হলো- শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার। তৃতীয়বারের মতো ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে সারাবিশ্ব থেকে ৪০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অঞ্জন বোস (চলচ্চিত্র প্রযোজক ও অরোরা ফিল্ম কর্পোরেশনের সত্ত্বাধিকারী), অভিজিৎ ব্যানার্জী (চলচ্চিত্র পরিচালক), সি এস কারনান (বিচারপতি, কলকাতা ও মাদ্রাজ হাইকোর্ট), জয়দীপ মুখার্জিসহ (অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া এবং সম্পাদক, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম) আরও অনেকে।
এ বছর কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক রাজ কাপুরের শততম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে বাংলাদেশি চলচ্চিত্র ‘মেঘের কপাট’সহ তিনটি চলচ্চিত্রকে ‘রাজকাপুর অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়।
এ প্রসঙ্গে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ গণমাধ্যমে বলেন, “ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ ‘মেঘের কপাট’ চলচ্চিত্র তিনটি পুরস্কার পায়। এর মাধ্যমে ‘মেঘের কপাট’ মুক্তির এক মাসের মাথায় তিনটি পুরস্কারপ্রাপ্তি, তাও সেটি যদি হয় কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে, তবে তা আমার জন্য অবশ্যই অত্যন্ত আনন্দের সংবাদ।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি।