পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মকবুল হোসেন ছাড়া কেউ ভোট করতে পারবেন না বলে হুমকি দিয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। গত শনিবার দুপুরে জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য (এমপি) মকবুল হোসেনের পক্ষে পথসভা করে তিনি এ হুমকি দেন।
জেলা ছাত্রলীগ সভাপতির এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অন্যদিকে এমন বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে দাবি করেছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ।
ছাত্রলীগ নেতা মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ‘যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে, তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ; কোনো সংগঠনে আমরা জায়গা দেব না।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে মিজানুরের নেতৃত্বে উপজেলা সদরে নৌকায় ভোট চেয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় মিজানুর রহমান বক্তব্য দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি। সেখানে পথসভায় আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের উদ্দেশ্য করে এসব বলা হয়েছে। কারণ তারা বিদ্রোহী প্রার্থী। আর তাদের বিষয়ে দলও পরিষ্কার করে দিয়েছে। আমিও সেটি তুলে ধরেছি।’
আসনটির স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদ বলেন, ‘নির্বাচনী প্রচারণা শুরুর আগেই এমনভাবে মিছিল ও পথসভা করে বক্তব্য দেওয়া এবং হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।’ রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানাবেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, ‘আমরা এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগে পেলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’