বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রায়দৌলতপুর গ্রামের দক্ষিণপাড়ায় এ হামলা হয়। এতে দেয়াল ও জানালার থাই অ্যালুমিনিয়ামের পাতে আগুন ধরে গেলে বাড়ির নারী-শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

যার বাড়িতে হামলা হয়েছে তিনি হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমান।

শেখ লুৎফর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, এদিন রাতে আমার স্বামী ও ছেলেরা বাড়িতে ছিল না। ফলে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাত পৌনে ১২টার দিকে দোতলা বাড়ির নিচতলার বারান্দার গ্রিলের ভেতর দিয়ে দুর্বৃত্তরা কাচের জানালার পাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে আমরা জেগে উঠে আগুন জ¦লতে দেখে ভয় পেয়ে যাই। পরে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। আগুনের পাশে বেশ কিছু কাচের টুকরো পড়েছিল।

খবর দিলে কামারখন্দ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।