সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বললেন

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘দারিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ এবং স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় এ দেশের প্রতিবন্ধী জনগণকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।’ গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা এখন আর পিছিয়ে নেই। সরকারের নানামুখী উদ্যোগের কারণে তারা সমাজের মূলধারায় এসেছে। শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ করছে। এর আগে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ। বিজ্ঞপ্তি