জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওষুধ ভেবে বিষপান করে ছাবিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৬টার দিকে শেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। ছাবিলা উপজেলার বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গলাকাটির ছাবিলা দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। তার ঘরে ওষুধ ও বিষের বোতল পাশাপাশি ছিল। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওষুধ ভেবে ভুলবশত বিষ খেয়ে ফেলেন তিনি। কিছুক্ষণ পর বিষের প্রতিক্রিয়া শুরু হলে ছাবিলা খাতুন ডাক-চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ৪টার দিকে তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে শেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।