কাগজে কলমে শক্তিশালী সিঙ্গাপুরকে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে নামার আগে ফিরে আসার ঘোষণা দিয়েছিলেন সিঙ্গাপুরের কোচ। সাবিনারাও ছিলেন বেশ সতর্ক। এতোটাই যে ম্যাচে ছাড় দেননি একটুও। শুরু থেকে সুন্দর ফুটবল উপহার দিয়ে প্রথমার্ধ শেষে ৩-০ গোলের লিড নিয়েছে বাংলাদেশ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা ঝলক দেখান প্রতিভার। গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। বক্সের ডান প্রান্তে তহুরাকে ফাউল করলে ফ্রি কিক পায় বাংলাদেশ। সাবিনার নেয়া শট থেকে বানিয়ে নেয়া বলে হেড করেন পারভিন। তাতেই আরেকবার মাথা ছুঁইয়ে জালের দিশা দেখিয়ে দেন তহুরা।
সেই শোক ভোলার আগেই ১৮ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা। সাবিনার নেওয়া কর্নার কিক বক্স থেকে সরাতে চেয়েছিলেন সিঙ্গাপুরের ডিফেন্ডার। পারেননি, উল্টো ফাঁকা গোলের সামনে নেই বলটি পেয়ে যান ঋতুপর্ণা। নির্লিপ্ত ভঙ্গিতে তা জালে পাঠান তিনি।
২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। বক্সের ডান প্রান্ত থেকে আসা ক্রসে গোল মুখে শট নেন ঋতুপর্ণা। ঝাপিয়ে পড়ে গোল ঠেকান সফরকারী অধিনায়ক ও গোলরক্ষক বিয়াট্রিস। তবে হাত ফসকে বেড়িয়ে যায় বল। দৌঁড়ে গিয়ে সেটিকে জালে ঠিকানা দেখিয়ে দেন তহুরা।
বাকি সময়েই দাপট অব্যাহত রাখে বাংলার নারীরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলগতভাবে করা দারুণ একটি আক্রমণ বক্সের মধ্যে প্রতিহত করে সিঙ্গাপুর। তাতে ৩-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।