নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব পাঠানো হচ্ছে।
আগামীকাল (০৫ ডিসেম্বর) বুধবারের মধ্যে পুলিশের স্ব স্ব ইউনিট থেকে এই প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব ইসিতে পাঠানোর বিষয়টি মঙ্গলবার বিকালে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন সিএমপির উপকমিশনার (সদর) আবদুল ওয়ারীশ।
সিএমপির এই কর্মকর্তা জানান, ইসির নির্দেশনা অনুযায়ী সিএমপির পাঁচটি থানার ওসিকে বদলির প্রস্তাব বুধবারের মধ্যে পাঠানো হবে। বন্দর, চকবাজার, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ ও সদরঘাট থানার ওসিদের বদলির প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিএমপির ১৬ থানার মধ্যে বদলির জন্য প্রস্তাবিত পাঁচ থানার ওসি ছয় মাসের বেশি সময় ধরে একই থানায় দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০২২ সালের ১৩ আগস্ট থেকে বায়েজিদ বোস্তামি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরদৌস জাহান। ২০২২ সালের ১৬ মে থেকে আকবর শাহ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ওয়ালী উদ্দিন আকবর। চলতি বছররে ১৬ মার্চ থেকে বন্দর থানায় দায়িত্ব পালন করছেন সঞ্জয় কুমার সিনহা। গত ২৪ জানুয়ারি থেকে সদরঘাট থানায় দায়িত্ব পালন করছেন গোলাম রাব্বানী। ২০২২ সালের ২২ আগস্ট থেকে নগরের চকবাজার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন মনজুর কাদের মঞ্জু।
এদিকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ইসির নির্দেশনা অনুয়ায়ী চট্টগ্রাম জেলার ১৫টি থানার মধ্যে ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির প্রস্তাব আগামীকাল বুধবারের মধ্যে ইসিতে পাঠানো হচ্ছে। ওই ৬ থানার ওসি একই থানায় ৬ মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন।
থানাগুলো হলো মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাউজান, বাঁশখালী ও জোরারগঞ্জ।
জানা গেছে, রাউজান থানার ওসি আবদল্লাহ আল হারুন দায়িত্ব পালন করছেন ২০২০ সালের ১৭ আগস্ট থেকে, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন দায়িত্ব পালন করছেন ২০২১ সালের ১৩ অক্টোবর থেকে, মিরসরাই থানার ওসি কবির হোসেন ২০২২ সালের ৬ মার্চ থেকে, সন্দ্বীপ থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম ২০২২ সালের ১৬ আগস্ট থেকে, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ২০২২ সালের ১৩ অক্টোবর থেকে এবং জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হাসান ২০২২ সালের ৩ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ৩০ নভেম্বর নির্বাচন কমিশন থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির নির্দেশনা দিয়ে একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবারের মধ্যে ওসিদের বদলির তালিকা ইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।