ভূমিকম্পে কাঁপল ইস্তানবুল, আতঙ্কে রাস্তায় মানুষ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প। এতে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প অনুভূত হলে লোকজন ভয়ে রাস্তায় নেমে আসে। 

মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে ভূমিকম্পটি বুরসা প্রদেশের জেমলিক শহরের কাছে মারমারা সাগরে কেন্দ্রীভূত ছিল। এটি স্থানীয় সময় সকাল ১০টা ৪২ মিনিটে প্রায় ৯ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

হ্যাবার্তুর্ক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পটি ইস্তানবুল এবং এর আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে। সেখানে লোকজন ভয়ে বাড়ি এবং অফিস ছেড়ে বের হয়ে আসে।

গত ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্কে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়।