সাংবাদিক কাজলের পাসপোর্ট আইনের মামলা স্থগিত

আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে পাসপোর্ট আইনে (অবৈধ অনুপ্রবেশ) করা মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে উচ্চ আদালত। গতকাল সোমবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে কাজলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, মামলাটি অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আছে।

নরসিংদীর যুব মহিলা লীগের নেত্রী (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার হোটেল ওয়েস্টিনকেন্দ্রিক কারবারে জড়িতদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ২০২০ সালের ৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সরকারদলীয় এক সংসদ সদস্য। পরদিন ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীর চর থানায় সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা করেন যুব মহিলা লীগের দুজন নেত্রী।

প্রায় দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ওই বছরের ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ জুন তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়। হাইকোর্টের আদেশে তিন মামলায় জামিন পাওয়ার পর ২০২০ সালের ২৫ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি।