ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যাত্রা শুরু করে ২০১৪ সালে। বাংলাদেশ সরকারের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিল রেখে ২০৪১ সালে উন্নত বিশ্বের সারিতে উন্নীত হওয়ার নিমিত্তে এ বিশ্ববিদ্যালয় দক্ষ জনশক্তি তৈরি করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় বর্তমানে ঢাকার বনানীতে অনুমোদিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আশা করা হচ্ছে, ২০২৪ সালের ভেতরেই উত্তরার নতুন স্টেট অব দি আর্ট ক্যাম্পাসে চলে যাবে।
বিশ্ববিদ্যালয়টির শুরু থেকেই তাদের গ্র্যাজুয়েটদের ইন্ডাস্ট্রির সঙ্গে কাজের সুযোগ করে দিচ্ছে। শিক্ষাজীবনেই যাতে একজন গ্র্যাজুয়েট বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে, এজন্য তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি এবং হাতে-কলমে শেখার সুযোগ দেওয়া হচ্ছে। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের নিজেদের বিভিন্ন ইন্ডাস্ট্রি থাকায় তাদের শিক্ষার্থীরা সহজেই এ সুযোগ পাচ্ছে। ইউজিসির গাইডলাইন অনুযায়ী আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য কোর্স কারিকুলাম তৈরি করে জমা দেওয়া হয়েছে। আর্কিটেকচার ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ তাদের নিজ নিজ প্রফেশনাল বডির অ্যাক্রিডিটেশন লাভের জন্য অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশেষ করে প্রকৌশল অনুষদের গ্র্যাজুয়েটরা দেশের এবং বিদেশের বিভিন্ন পর্যায়ে চাকরি করছে এবং তারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হচ্ছে।