আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে আগারগাঁও নির্বাচন ভবনে আপিল আবেদন গ্রহণ শুরু হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন শাখার উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ইসি বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল করতে পারবেন।’
এজন্য নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। এই ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল আবেদন ক্রমানুসারে নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।
এদিকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল ইসি। সে নির্দেশনার আলোকে ৪৭ ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ করে। কমিশন তাতে অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘৪৭ ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আর ২০ জনের চিঠি এসেছে। ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে। এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে।’