ঢাকাসহ দেশের আটটি বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকা, সিলেট, সাতক্ষীরা ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
এতে আরও বলা হয়েছে, আগামীকাল ও পরশু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপ ও সীতাকুণ্ডে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিলর ও মাসুলিপট্টমের নিটক দিয়ে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।