সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে

মিরপুরের আচরণ বোঝা যাবে দুই সেশন পর

সিলেট টেস্ট জিতে বাংলাদেশের সামনে এখন ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি। সিলেটের ছকেই কি মিরপুরে কিউই বধে নামবে টাইগাররা? শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও কি একই ছকে খেলবে বাংলাদেশ? এমন প্রশ্নের জন্য যেন প্রস্তুতই ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

প্রশ্নটা শুনেই হেসে দিয়ে তিনি বলেন, ‘আমাদের সমন্বয় কেমন হবে, তা উইকেটের ওপর নির্ভর করবে এবং অবশ্যই আমাদের শক্তিমত্তার ওপর, ওদের সীমাবদ্ধতার ওপর। সিলেটে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, পুরো পাঁচ দিনই। আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা সেখানে যে সমন্বয় সাজিয়েছি, তা সিলেটের কন্ডিশন অনুযায়ী সাজিয়েছি।’

মিরপুরেও দল প্রায় একই কৌশলে খেলবে, সে আভাস আছে হাথুরুসিংহের পরের কথায়, ‘মিরপুরে উইকেট কেমন হবে, তা আপনি এখানে দুই সেশন না খেলা পর্যন্ত বুঝতে পারবেন না। এই মাঠে অনেক খেলা হয়। আমার মনে হয় না, বিশ্বের কোথাও একই ভেন্যুতে এত খেলা হয়। অনুমান করা কঠিন হবে। আমরা খুব বেশি পরিবর্তন করতে চাইব না।’

বাংলাদেশ দল মিরপুরে শেষ দুটি টেস্ট খেলেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। হাথুরুসিংহে সেই দুটি টেস্টের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ‘আপনি সমন্বয় সাজাবেন কন্ডিশন ও প্রতিপক্ষ দেখে। এখানে আমরা শেষ যে ম্যাচ খেলেছি, সেটা আফগানিস্তানের বিপক্ষে। উইকেট ভিন্ন ছিল। ওই টেস্টের আগে তেমন কোনো খেলা ছিল না। উইকেট তৈরির জন্য যথেষ্ট সময় পাওয়া গেছে। আমরা তিন পেসার নিয়ে দল সাজিয়েছি প্রতিপক্ষ ও কন্ডিশন মাথায় রেখে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি। সেখানে উইকেট কিছুটা অন্য রকম ছিল।’

শক্তিশালী পেস বোলিং আক্রমণ থাকার কারণেই যেকোনো কন্ডিশনের দাবি মেটাতে পারছে বাংলাদেশ। হাথুরুসিংহেও বলেন, ‘মূল কথা হলো, আমাদের এখন সব ধরনের দক্ষতাসম্পন্ন বোলার আছে। আমরা যখন যেভাবে চাইব, সেভাবে তা ব্যবহার করতে পারব। এটা আমাদের জন্য বিরাট ইতিবাচক দিক।’