সোনার দামে রেকর্ড, ভারতীয় ব্যবসায়ীরা দুশ্চিন্তায়

বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড ভেঙেছে। এবছর এই নিয়ে দ্বিতীয়বার রেকর্ড ভাঙা দাম বেড়েছে সোনার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, এদিন প্রতি আউন্স সোনার দাম বেড়ে ২ হাজার ১১১ ডলার হয়। এর মাধ্যমে গত শুক্রবার হওয়া রেকর্ডটিও ভেঙে গেছে। 

এর আগে ২০২০ সালের আগস্টে একবার সোনার বাজার এমন চড়া হয়েছিল। তখন তৈরি হয়েছিল নতুন রেকর্ড। তবে ওই বছরের চেয়ে এবারের নতুন দামে ব্যবধান বড়। ভূ রাজনৈতিক অনিশ্চয়তা সম্ভাব্য দুর্বল মার্কিন ডলার এবং সুদের হার পরিবর্তন সবমিলিয়ে এখন বেশ কিছুটা ঊর্ধ্বমুখী সোনার দাম।

এদিকে সোনার বাজার উর্ধ্বমুখী হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ভারতের জুয়েলার্স মালিকরা। টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের বাজারে ৯৯৯ মাত্রার বিশুদ্ধ সোনার দাম করসহ প্রতি ১০ গ্রাম ৬৭ হাজার ৫০০ রুপিতে উঠেছে। এটি ভারতের বাজারে এযাবৎকাল সোনার সর্বোচ্চ দাম।

এখন ভারতে চলছে বিয়ের মৌসুম। সোনার এই উচ্চমূল্য ভাবাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। বিক্রি কমার আশঙ্কায় আছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেন্দ্র মেহতা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধিতে লোহিত সাগরে যুদ্ধজাহাজ, বাণিজ্যিক জাহাজে হামলার মতো ভূরাজনৈতিক বিষয় জড়িত আছে। দুই মাস আগে যেখানে বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৮২০ ডলার; গতকাল তা প্রায় ২ হাজার ১৫০ ডলারে উঠে যায়। এই মূল্য সংশোধন হওয়া জরুরি। সোনার দাম আরও বাড়তে কেবল কিছু খবরই যথেষ্ট।’

এম নেমিকচান্দ জৈন জুয়েলার্সের অংশীদার অনিল জৈনও সুরেন্দ্র মেহতার কথার সঙ্গে একমত যে। একটি খবরই সোনার দাম ১০০ ডলার বাড়িয়ে দিয়ে পারে। তিনি শঙ্কা করছেন ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭০ হাজার রুপিতে ঠেকতে পারে। এই যখন পরিস্থিতি তখন ছোট-বড় সব জুয়েলারি দোকানে বিক্রি কমেছে।