প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের প্রার্থীদের অবৈধ মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল কার্যক্রম আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। প্রথম দিন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে আপিল বুথে মোট ৪২টি আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে এ আপিল আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের বুথে ২টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে ৩টি এবং সিলেট অঞ্চলের বুথে ১টি আবেদন জমা পড়েছে। রাজশাহী অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।