এটা আমার ভুল, কারো ষড়যন্ত্র নয়

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। এটা পুরনো খবর। তবে নতুন খবর হলো এই গায়িকার মনোনয়ন কেন বাতিল হয়েছে সেটা জানা গেল। পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। 

আপিলে মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেন, ক্রেডিট কার্ড সংক্রান্ত ক্ষুদ্র জটিলতায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এখানে আমার ফল্ট (ভুল) ছিল। কারো ষড়যন্ত্রের কারণে মনোনয়নপত্র বাতিল হয়নি।

ডলি সায়ন্তনী বলেন, ক্রেডিট কার্ডের ছোট একটা ঝামেলা আমার নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে, সেজন্য দেশের বাইরে যাওয়া-আসা করতে হয়। তাই বিষয়টি খেয়াল করিনি। এখন ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।

কত টাকা বকেয়া ছিল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব কম টাকা, বলার মতো নয়। তবে যে অভিযোগটা এসেছে, এটা আসলেই আমার ফল্ট (ভুল) ছিল। কারো ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি আমি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাব।

কণ্ঠশিল্পী বলেন, এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সে সুযোগটা বিএনএম দিয়েছে। সেজন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই।