বিমানে যান্ত্রিক ত্রুটি, ৩৪ ঘণ্টা ধরে আটকা ১৭০ যাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উড়াল দিতে পারেনি বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ। ১৭০ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এদিকে যান্ত্রিক কবলে পড়ে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী ১৭০জন যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশ রূপান্তরকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ গতকাল সোমবার সকাল থেকে শাহ আমানত বিমানবন্দরে পড়ে আছে।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা ৫৫মিনিটে ফ্লাইটটি ১৭০জন যাত্রী নিয়ে দুবাই হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজে তিনবার যাত্রী উঠিয়েও পরে নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে উড়াল দিতে সক্ষম না হওয়ায় সোমবার রাত ১১টার দিকে ফ্লাইটটি সাসপেন্ড করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭০জন যাত্রীকে বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি হোটেলে। এর আগে রাত ৯টার দিকে যাত্রীদের রাতের খাবার দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাবাদ এলাকার হোটেল থেকে ১৭০জন যাত্রীকে ফের নেওয়া হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই প্রতিবেদন লেখার সময় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

ভুক্তভোগী যাত্রী সফিকুর রহমান জানান, ৩৪ ঘণ্টা ধরে শাহ আমানত বিমানবন্দরে তিনিসহ আটকে আছেন অসংখ্য যাত্রী। ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজে (এফজেড ৫৬৪/এফজেড ৮২৯) দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল তার। গতকাল সোমবার ভোর ৬টায় তিনি শাহ আমানত বিমানবন্দরে যান। সোমবার সকাল ৮টা ৫৫মিনিট, বেলা ১১টা এবং রাত ১১টায় তিনবার ফ্লাইটে উঠিয়ে আবার তাদের নামিয়ে দেওয়া হয়। সোমবার সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত বিমানবন্দরে তাদের বসিয়ে রাখা হয়। কাউকে বাইরে যেতে দেয়নি কতৃর্পক্ষ। খাবারও দেওয়া হয়নি ঠিকমতো। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিমানবন্দরে নিয়ে গেলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উড়াল দেয়নি যান্ত্রিক ত্রুটির কবলে পড়া ফ্লাই দুবাইয়ের ওই উড়োজাহাজটি। ফলে যাত্রীদের ভোগান্তির সীমা নেই।

সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, ত্রুটি সারানোর জন্য বাইরে থেকে একজন প্রকৌশলী আনা হয়েছে। মেরামতের পর ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে।

বিমানবন্দরের এই কর্মকতার্ আরও জানান, ১৭০জন যাত্রীর মধ্যে ১০০জনের টিকিটের টাকা ফেরত দিয়েছে ফ্লাই দুবাইয়ের স্থানীয় কতৃর্পক্ষ। ত্রুটি সারানোর পর যেকোনো মুহুর্তে বাকি ৭০জন যাত্রী নিয়ে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে। তবে পরবর্তীতে এমন অব্যবস্থাপনা বা যাত্রী হয়রানি মেনে নেওয়া হবে না বলে আজ মঙ্গলবার একটি চিঠি দিয়ে ফ্লাই দুবাই কতৃর্পক্ষকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।