বাঙালিরা রয়েছেন বলেই বলিউড বেঁচে আছে, বললেন সালমান খান

২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট। কানায় কানায় পরিপূর্ণ নেতাজি ইনডোরে দর্শকদের সামনে একে একে বক্তব্য রাখলেন সৌরভ গাঙ্গুলি, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা, মহেশ ভাট, অনিল কাপুররা। কিন্তু প্রত্যাশিত ভঙ্গিতেই উদ্বোধনী অনুষ্ঠানের রাশ ধরে রাখলেন সালমান খান।

সাধারণত চলচ্চিত্র উৎসবে আগত বিশিষ্ট অতিথিদের মুখে গুরুগম্ভীর ভাষণ শুনেই অভ্যস্ত দর্শক। কিন্তু ভাইজান তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আপাত গম্ভীর পরিবেশে অভ্যাগতদের মুখে হাসি ফোটালেন। শুরুতেই কিছু ক্ষণ চুপ থাকার পর বললেন, ‘আমার আগে যারা বললেন আমাকে রীতিমতো বিপর্যস্ত করে দিলেন। কারণ, তারা আর আমার বলার জন্য কিছুই বাকি রাখলেন না।’

১৩ মে কলকাতার ইস্টবেঙ্গল মাঠে কনসার্ট করেছিলেন সালমান। তখন শহরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে সালমান বলেন, ‘গতবার দিদি অনুরোধ করেছিলেন। আমি কথা দিয়েছিলাম বলেই আজ এখানে এলাম।’ এর পরেই তার ছবির বিখ্যাত সংলাপ ধার করে সালমান বলেন, ‘কারণ, এক বার আমি কাউকে কথা দিলে তার পর আমি আর নিজের কথাও শুনি না।’

আগের বার কলকাতায় এসে মমতার বাড়িতে গিয়েছিলেন সালমান। মঙ্গলবার অভিনেতা বলেন, ‘আমি শুধু দেখতে চেয়েছিলাম যে, দিদি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন কি না। কিন্তু গিয়ে দেখলাম সত্যিই তাই।’

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশের আসনেই বসেছিলেন সালমান। মাঝে মাঝে তাকে মমতার সঙ্গে কথা বলতেও দেখা যায়। তবে শুধু হিন্দি নয়, সালমান দর্শকদের উদ্দেশে বাংলাতেও কথা বলেছেন। তার মুখে, ‘কলকাতা কেমন আছ’ বা ‘আমি তোমাকে ভালবাসি’-র মতো সংলাপ শুনে প্রেক্ষাগৃহে তখন করতালির বন্যা। মঞ্চে অনিল কাপুরের সঙ্গে তার জনপ্রিয় ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘জিন্দেগি কি এহি রীত হ্যায়’ গানেও গলা মেলাতে দেখা গেল সালমানকে। কথা প্রসঙ্গেই অনিল তাকে মনে করিয়ে দেন, সেই ছবির চিত্রনাট্যকার আসলে সালমানের বাবা সেলিম খান।

মুখ্যমন্ত্রী সালমানকে আবারও কলকাতায় আসার জন্য অনুরোধ করলে সালমানও কথা দেন, তিনি আবার এই শহরে আসবেন এবং শুটিং করবেন। বাংলার প্রতিভার প্রতি সম্মান জানিয়ে তার বক্তব্যের শেষে বলেন, ‘এখন বলিউড বেঁচে আছে কারণ সেখানে বাঙালিরা রয়েছেন। এত দিন আমরা আপনাদের কাজ দিয়েছি। এ বার আমাদের এখানে এসে কাজ করার পালা।’ এখন দেখার, সেই আশা সত্যিই পূরণ হবে কি?