‘সীমান্তে আর একজন বাংলাদেশি গুলি করে হত্যা করলে ভারতীয় দূতাবাস ঘেরাও করব’

ভারত যদি আর একজন বাংলাদেশি নাগরিককে গুলি চালিয়ে হত্যা করে, আমরা গণঅধিকার পরিষদ ভারতীয় দূতাবাস ঘেরাও করব বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে রাজধানীতে গণঅধিকারের মশাল মিছিলে তিনি এ কথা বলেন। মশাল মিছিলটি পুরানা পল্টন কালভার্ট রোড থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে জামান টাওয়ারে এসে শেষ হয়। মশাল মিছিলে গণঅধিকার পরিষদের একাংশের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ফারুক হাসান বলেন, গতকাল ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ২ জন বাংলাদেশিকে হত্যা করেছে। একইসাথে গতকাল সারা দেশে ৩ জন বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভারতীয় বিএসএফ বাহিনীর হাতে।

তিনি বলেন, বিবিসির রিপোর্ট অনুযায়ী গত দশ বছরে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে ১২০০ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন।

ফারুক হাসান আরও বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বলে ভারত নাকি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই কি তাহলে আমাদের বন্ধুত্বের নমুনা? আমরা গণঅধিকার পরিষদ স্পষ্টভাবে বলতে চায়, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়, ভারত হচ্ছে আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র। জনগণের কোনো বন্ধু রাষ্ট্র এভাবে নির্বিচারে আরেক বন্ধু রাষ্ট্রের নাগরিকদের সীমান্তে গুলি চালিয়ে হত্যা করতে পারে না।

সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের একাংশের যুগ্ম আহ্বায়ক কর্ণেল অব. মিয়া মসিউজ্জামান বলেন, ভারত বাংলাদেশকে জোকের মতন চুষে খাচ্ছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে ভারতের একক আধিপত্য বিরাজমান। ভারত ভালো করেই জানে, বাংলাদেশকে শোষণ করতে হলে তাদের দেশের রাজনৈতিক নেতাদের আগে আমাদের দাসে রূপান্তর করতে হবে। এজন্যই আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস দেখান না। তারা ক্ষমতায় যাওয়ার রাজনীতি নিয়ে ব্যস্ত।

গণ নেতা ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজী বলেন, ভারতের এমন আগ্রাসন গণতন্ত্রের জন্য মহাহুমকি। এই হুমকি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিপক্ষে। 

গণনেতা আতাউল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, জাকারিয়া পলাশ, জাকির হোসেন, শামসুদ্দিন, আরিফবিল্লাহ, জিয়াউর রহমান; গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইমাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফায়সাল আহমেদ। যুব নেতা আমিরুল ইসলাম প্রমূখ।