২০ দিন পর মিয়ানমার থেকে পণ্যবাহী ট্রলার টেকনাফ স্থলবন্দরে

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর (জান্তা) সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষের কারণে ২০ দিন বন্ধের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাণিজ্যে চালু হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আদা, মাছ আচার, নারিকেল ও সুপারী ভর্তি চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে । 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের আমদানিকারক ওমর ফারুক সিআইপি জানান, প্রায় ২০ দিন বন্ধ থাকার পর ২৫২ টন সুপারি, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ মিয়ানমার থেকে চারটি ট্রলারে করে টেকনাফ স্থলবন্দর জেটিতে এসে পৌঁছায়। 

তিনি আরও জানান, মিয়ানমারে কিনে রাখা শত শত টন আদা, নারকেল,মাছ, সুপারি আকিয়াব বন্দরে রয়েছে। এগুলো আনা যাচ্ছিল না। ফলে অনেক ব্যবসায়ীর আদা পচে গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। 

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী জানান, প্রায় ২০ দিন পর মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে চারটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারি রয়েছে। 

প্রসঙ্গত গত ১৪ নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইনের মংডু শহর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসছে না। একইভাবে টেকনাফ থেকে পণ্য মিয়ানমারে যায়নি। গত ২০ দিনে প্রায় ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।