ক্যাম্পাসে ছাত্রীদেরকে ইভটিজিংয়ের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে দায়িত্বরত দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত আনসার সদস্যরা হলেন মো. আশিকুর রহমান (২৮) ও মো আনিসুর রহমান (৩০)।
মঙ্গলবার (৫ ডিসেম্বার) রাতে তাদেরকে চাকরিচ্যুত করা হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।
আনসার সদস্যদের বিরুদ্ধে এক অভিযোগপত্রে ছাত্রীরা বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। আমাদের কয়েকজন ছাত্রী ফরেস্ট্রিতে কর্মরত নিরাপত্তাকর্মী দ্বারা সম্প্রতি ইভটিজিংয়ের স্বীকার হয়েছি।
বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মো. হিশাম বলেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুই আনসার সদস্যকে জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, ফরেস্ট্রি ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রী আমাদের কাছে আনসার সদস্য কর্তৃক ইভটিজিংয়ের স্বীকার হওয়ার অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আমরা মেয়েদের ছবি আনসার সদস্যদের ফোনে পেয়েছি। পরে তাদের জেলা আনসার কমান্ড্যান্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে দুই আনসার সদস্যের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তাদেরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগামীকাল তদন্ত কমিটি গঠন করব। কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।