পর্যটকদের বিশ্বাস পুঁজি করে প্রতিষ্ঠানের আড়ালে কমমূল্যে ট্যুর প্যাকেজের নামে বুকিং মানি নিয়ে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন চক্রের মূলহোতা সাইফুল আলম ওরফে অপু ও তার ভাই মো. আহাদ আলম ওরফে তালহা এবং কথিত অ্যাডমিন মো. আমিনুল ইসলাম।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ একটি ল্যাপটপ, ১৪টি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড, দুটি ল্যান্ডফোন, একটি ওয়াকিটকি সেট, একটি সিপিইউ ডেস্কটপ, পাঁচটি এটিএম কার্ড এবং ছয়টি ব্যাংক চেক উদ্ধার করা হয়।
ডিএমপি ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ গতকাল মঙ্গলবার তার নিজ কার্যালয়ে বলেন, চক্রটি অল্প দামে ট্যুর প্যাকেজ বিক্রির নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। গত এক বছরে চক্রের হাতে দুই শতাধিক ব্যক্তি প্রতারিত হয়েছেন বলে জানা গেছে। এর মাধ্যমে তারা কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।