সহিংস ইসরায়েলিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

পশ্চিমতীরে জবরদখলকারী যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই সুনির্দিষ্ট প্রকৃতির বসতিস্থাপনকারী ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ভিসা নিষেধাজ্ঞার কথা জানান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, যে উগ্রবাদী ইসরায়েলিরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ করছে, তাদের ওপর এটি কার্যকর হবে। একইভাবে যে ফিলিস্তিনিরা সহিংসতায় জড়াচ্ছে তাদের বিরুদ্ধেও একই ভিসা নীতি প্রয়োগ করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ‘পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার’ সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা যারা বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক প্রয়োজনগুলো’ গ্রহণ করতে অযৌক্তিকভাবে বাধা দেবে, তাদেরকে এ ভিসা নীতির আওতায় নিয়ে আসা হবে।এছাড়া তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ভিসা নীতি নিয়ে নিজের এক্সে (পূর্বের টুইটার) একটি পোস্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এতে তিনি লিখেছেন, ‘আজ পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন কাজে জড়িত বা অর্থপূর্ণভাবে অবদান রাখা ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি।’

তিনি বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের প্রতি সহিংসতা বন্ধ করার জন্য যথেষ্ট কাজ করছে না ইসরায়েল। যার ফলে যুদ্ধ বেড়েছে বলে দাবি করেছে অধিকার গোষ্ঠীগুলো।

সম্প্রতি বাইডেন প্রশাসন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতাকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে - এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল। অবশেষে ইসরায়েলিদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।  

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক মাত্রার জবরদখল শুরু করে ইহুদিবসতি স্থাপনাকারীরা। এরকম অন্তত ২৫০টি ইহুদিবসতি রয়েছে এবং সেসব জায়গায় ৭ লাখের বেশি ইহুদি বসবাস করছে, চলছে আরও ফিলিস্তিনি ভূমিদখল।  

গত ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর সুযোগে পশ্চিম তীরেও বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।