শাহজাহান ওমরকে বেইমান-দালাল বললেন বিএনপিপন্থী আইনজীবীরা

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ফিরে এসেছেন ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। তিনি প্রধান বিচারপতির সাক্ষাৎ পাননি। এসময় বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে শাহজাহান ওমর।

আজ বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের জন্য আসেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তার পরিচয় দিয়ে সাক্ষাতের কথা বলেন। তবে তিনি সাক্ষাৎ করতে পারিনি। কয়েক মিনিট অবস্থান করে ফিরে যান।

এর কিছুক্ষণ পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন শাহজাহান ওমর। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা তার বিরুদ্ধে স্লোগান দেন। এক পর্যায়ে তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ত্যাগ করেন।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে শাহজাহান ওমর সুপ্রিম কোর্ট বার ভবনের নিচতলায় তার চেম্বারে বসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলকে তার সঙ্গে সাক্ষাত করতে খবর পাঠান। তবে, কামরুল ইসলাম সাক্ষাত করতে অস্বীকার করে বার্তা বাহককে বলেন, বেইমান-মোনাফেকের সঙ্গে আমি কথা বলি না।

এর একটু পর শাহজাহান ওমর কামরুল সজলের চেম্বারে এসে তার সঙ্গে সাক্ষাৎ না করা ও তার বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহারের কারণ জানতে চান। জবাবে কামরুল ইসলাম সজল বলেন, আপনি মোনাফেক। আপনার সঙ্গে কোনো কথা নেই। এসময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 

একপর্যায়ে সুপ্রিম কোর্টে শাহজাহান ওমরের পোস্টার ছেঁড়া নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের কাছে কৈফিয়ত চান শাহজাহান ওমর। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা তাকে বলেন, যে পোস্টারে বিএনপির চেয়ারপারসনের ছবি সেখানে আপনার ছবি থাকতে পারে না। 

একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা শাহজাহান ওমরকে 'দালাল' 'বেইমান' 'মোনাফেক' উল্লেখ করেন। তোপের মুখে শাহজাহান ওমর সুপ্রিম কোর্ট এলাকা ত্যাগ করেন।

এর আগে গত ৫ ডিসেম্বর দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।