বিতর্কিত সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনকে আসন্ন অনূর্ধ-১৯ এশিয়া কাপ এবং অনূর্ধ-১৯ বিশ্বকাপের জন্য যুব দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সানোয়ার ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সের ম্যানেজার থাকা অবস্থায় ক্রিকেটার জুপিটার ঘোষকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। এছাড়াও বিপিএলের প্রথম দুই আসরে ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের ম্যানেজার ছিলেন জাতীয় দলে ৯ টেস্ট ও ২৭ ওয়ানডে খেলা সানোয়ার।
অনূর্ধ-১৯ এশিয়া কাপে অংশ নিতে আজ ( ৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। এই দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাচ্ছেন সানোয়ার। বিসিবি এর গেম ডেভলাপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার দেশ রূপান্তরকে জানান, ' সানোয়ার হোসেনকে দুই সপ্তাহ আগে দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ভাবে উনি যুব এশিয়া কাপে দায়িত্ব পালন করবেন, এরপর হয়তো বিশ্বকাপেও তাকে এই ভূমিকায় দেখা যাবে'। অতীতে খেলায় দূর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন ক্রিকেটারকে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত করার ব্যপারে কাওসার বলেন, ' এটা আসলে আমি জানি না। এই সব নিয়োগের সিদ্ধান্তগুলোতে আমার কাজ না। এগুলো বোর্ডের ব্যপার'।
২০১৭ সালে বিপিএলে ফিক্সিং কান্ডে সানোয়ারের নাম আসলে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছিলেন, ' সানোয়ার ভাইয়ের নাম যেহেতু বিপিএলে ফিক্সিং ইস্যুতে এসেছিল, তাই তিনি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিপিএল থেকে বিতর্কিত কাউকে আমরা সবসময়ই অনুৎসাহিত করি।সানোয়ার ভাই প্রথম সংস্করণে ঢাকার ম্যানেজার ছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল্। আমরা চাই না বিতর্কিত কেউ আমাদের বিপিএলের সাথে যুক্ত থাকুক। ' বিপিএলের প্রথম দুই আসরের শিরোপা জয়ী দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের শিরোপা কেড়ে নেয়া হয় ম্যাচ পাতানো কেলেংকারিতে। সেসময় ঢাকার বোলিং কোচের দায়িত্ব পালন করা রফিক পরবর্তীতে গণমাধ্যমে বলেছেন ম্যাচ পাতানোতে সানোয়ারের সম্পৃক্ততার কথা, ' (চট্টগ্রাম কিংস এর বিপক্ষে) ম্যাচের আগের দিন খেলোয়াড়রা সানোয়ারের রুমে বসেছিল, সে ওখানে বিদেশী লিয়াঁজো অফিসারকে নিয়ে ডিলগুলো ঠিক করেছিল'।
সানোয়ার ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন, যেই আসরে বাংলাদেশ হেরেছিল কেনিয়া এবং কানাডার কাছে। এই দুটো ম্যাচ নিয়েও আছে অনেক প্রশ্ন। ব্যক্তিগত জীবনে বাংলাদেশ বিমানের জুনিয়র পার্সার পদে চাকরি করা সানোয়ারকে যুব এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলের ম্যানেজার বানানোয় তাই বিষ্মিত হয়েছেন ক্রিকেটাঙ্গনের অনেকেই।