চলতি বছরের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস। এই বছরের ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন রাজনীতিবিদ ও আইন প্রণেতারা।
চলুন দেখে নেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০ নারী কে কে
১. উরসুলা ফন ডার লিয়েন
চলতি বছরের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় সবার শীর্ষে রয়েছেন উরসুলা ফন ডার লিয়েন। ২০১৯ সালের ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন তিনি। এই পদে নিযুক্ত হওয়া তিনিই প্রথম নারী।
২. ক্রিস্টিন লাগার্ড
প্রভাবশালী ১০০ নারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড। ২০১৯ সালে তিনিও এই পদে প্রথম নারী হিসেবে আসীন হন। ইউরোপীয় মুদ্রানীতির প্রধান হিসাবে করোনা মহামারীর সময় এক জটিল পরীক্ষার মুখোমুখি হন তিনি। কোভিড মহামারী ইউরো জোনে যেন আরও বিপর্যয় না ঘটাতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব ছিল তার হাতে৷
৩. কমলা হ্যারিস
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ২০২১ সালের ২০ জানুয়ারি প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্ব পান তিনি।
৪. জর্জিয়া মেলোনি
প্রভাবশালী ১০০ নারীর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন তিনি। ইতালির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি এবং দেশটির ডানপন্থী ব্রাদার্স অফ ইতালি পার্টির সভাপতিও তিনি।
৫. টেলর সুইফট
তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট। সুইফট প্রথম সঙ্গীতশিল্পী যিনি শুধুমাত্র গান এবং অভিনয়ের উপর ভিত্তি করে ফোর্বসের প্রভাবশালী তালিকায় স্থান করে নিয়েছেন।
৬. কারেন লিঞ্চ
প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা কারেন এস লিঞ্চ একজন আমেরিকান ব্যবসায়ী এবং সিভিএস হেলথের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
৭. জেন ফ্রেজার
প্রভাবশালী তালিকার সপ্তম অবস্থানে থাকা জেন ফ্রেজার হলেন একজন ব্রিটিশ-আমেরিকান ব্যাংকিং এক্সিকিউটিভ। ২০২১ সালের মার্চ থেকে সিটিগ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
৮. অ্যাবিগেল জনসন
আমেরিকান ধনকুবের ব্যবসায়ী অ্যাবিগেল জনসন রয়েছেন প্রভাবশালী তালিকার অষ্টম অবস্থানে। ২০১৪ সাল থেকে ফিডেলিটি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী হিসাবে কাজ করেছেন তিনি এবং ২০১৬ সালে তার বাবার পদে অর্থাৎ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিযুক্ত হন তিনি।
৯. মেরি বারা
প্রভাবশালী তালিকার নবম অবস্থানে থাকা মেরি তেরেসা বারা একজন আমেরিকান ব্যবসায়ী নারী যিনি ২০১৪ সালের ১৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি তৈরি প্রতিষ্ঠান জেনারেল মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি একমাত্র নারী যিনি যুক্তরাষ্ট্রের বড় তিনটি গাড়ি তৈরির কোম্পানির মধ্যে একটিতে নেতৃত্ব দিচ্ছেন।
১০. মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস
ধনকুবের বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস রয়েছেন বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর মধ্যে দশম অবস্থানে। তিনি একজন আমেরিকান মানবাধিকার কর্মী, মাইক্রোসফটের সাবেক মাল্টিমিডিয়া প্রোডাক্ট ডেভেলপার এবং ম্যানেজার এবং এর সহ-প্রতিষ্ঠাতা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের মধ্যে ক্রমাগত স্থান পেয়ে যাচ্ছেন তিনি।