জাতীয় দলে সুযোগ মেলে না প্রায় চার বছর। তবুও এখনই আশা ছাড়ছেন না ফাফ ডু প্লেসি। অপেক্ষায় আছেন আবারও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করার। শোনা যাচ্ছে সেই গুঞ্জনও। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন তারকা এই ব্যাটসম্যান নিজেই।
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে সবশেষ মাঠে নামেন ডু প্লেসি। এরপর থেকে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন তিনি। গত কয়েক বছরে তার ফেরার গুঞ্জন শোনা গেছে অনেকবারই। এবার নতুন করে ডালপালা ছড়াচ্ছে পুরনো সেসব খবর।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ফিরতে পারেন ডু প্লেসি। যা নিয়ে দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বব ওয়াল্টারের সঙ্গে তার আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে আবুধাবি টি-টেন লিগে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখানেই ফের জাতীয় দলে ফেরার কথা জানান ডু প্লেসি, ‘আমার বিশ্বাস আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারব।’
৩৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান আরও বলেন, ‘গত দুই বছর ধরে আমরা এ বিষয়টি নিয়ে কথা বলছি। সবমিলিয়ে পরবর্তী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সমন্বয় করেই কাজটা করতে চেয়েছি। বিশ্বকাপের আগে কী রকম সূচি থাকে, দলের ভারসাম্য কেমন হয় সেটাও দেখার বিষয়। তবে নতুন কোচের সঙ্গে এটা নিয়ে আমার কথা হয়েছে। আরও জানার জন্যে অপেক্ষা করুন।’
বয়স ৪০ ছুঁইছুঁই হলেও ডু প্লেসির ফিটনেস দেখে সেটা বোঝার উপায় নেই। এর পেছনের রহস্য নিয়ে তিনি বলেন, ‘শরীর যাতে ঠিক থাকে তার জন্য প্রচুর পরিশ্রম করি। ক্রিকেট খেলাটাকে এতটা ভালবাসি বলেই সেটা সম্ভব হয়। বয়স হয়ে গেলে একটু বেশিই পরিশ্রম করতে হয়। না হলে হ্যামস্ট্রিং বা অন্যান্য অঙ্গ সঠিকভাবে কাজ করবে না। এখন অনেক বেশি দৌড়োদৌড়ি করতে হয়। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে যাতে খেলতে পারি তার জন্যে নিজেকে তৈরি রাখতে হয়।’
টেস্ট ক্রিকেট থেকে আরো আগে অবসর নিলেও সাদা বলের ক্রিকেটকে এখনো বিদায় বলেননি ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০টি টি-টোয়েন্টি খেলে তার রান ১৫২৮ রান। এক সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ১০টি। এই সংস্করণে দেশের হয়ে সবশেষ মাঠে নামেন তিনি ২০২০ সালে।