মায়ানগরীতে তখন রাত। রাস্তার হ্যালোজেন আলোয় দেখা যাচ্ছে কয়েকজনকে। চারিদিকে গাড়ি। যানজটের মাঝে আচমকাই অটো থেকে নেমে এলেন চালক। মাঝরাস্তায় যদি কেউ বলিউড তারকাকে দেখতে পান, তা হলে তো চমকে যাবেনই যে কেউ। মুম্বাইয়ের ওই চালকের সঙ্গে তেমনটাই ঘটেছে।
মাঝপথে দেখতে পেলেন অভিনেতা সানি দেওলকে। যদিও তিনি নাকি দাড়ানোর অবস্থাতেই ছিলেন না। একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে। যে ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই শুরু হয়েছে বিস্তর জল্পনা। তবে কি মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরছিলেন সানি?
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, তিনি কখনও মদ্যপান করেন না। শুধু তাই নয়, তিনি কল্পনা করতে পারেন না, মানুষ কী ভাবে নেশা করেন। এত কিছু বলার পর তিনি নিজেই এমন কাণ্ড ঘটালেন?
সানির অনেক ভক্তের মতে, অভিনেতার বিরুদ্ধে নেতিবাচক খবর রটানোর জন্য এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সানির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে বেশিক্ষণ চাপা থাকেনি সত্য। আসলে নতুন ছবির শুটিং করছিলেন সানি। পরিচালক শশাঙ্ক উদ্রাপুরকর পরিচালিত ‘সফর’ ছবির শুটিং করছিলেন তিনি। কাজের ফাঁকেই একটি ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে।