আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে একাই ৯ হাজার ভোট নিয়ে দেওয়ার কথা বলেছেন মাদারীপুরের কালকিনী উপজেলার শিকারঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল আলম মৃধা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সিরাজুল আলম মৃধা সামনে থাকা লোকজনের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। তাঁকে বলতে দেখা যায়, প্রতিশ্রুতি দিচ্ছি, শিকারমঙ্গল ইউনিয়নের ৯ হাজার ভোট আমি পিটাইয়া দিব। আমি শিওর দিলাম, ভাই-ব্রাদারকে নিয়া। সবার সামনে প্রতিশ্রুতি দিলাম। হাতে-পায় ধরিয়া লাগলেও আমি পিটাইয়া দিব। আমি একা নয়, ভাই-ব্রাদারকে সঙ্গে নিয়া ভোট পিটাইয়া দিব।’
গতকাল মঙ্গলবার রাতে কালকিনির মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে সিরাজুল আলম মৃধা এ বক্তব্য দেন বলে জানা গেছে।
তবে এমন বক্তব্য দেওয়ার বিষয় অস্বীকার করে সিরাজুল আলম মৃধা জানিয়েছেন কিছু লোক তার পেছনে লেগেছে। তিনি বলেন, মি এত বোকা নই যে প্রকাশ্যে এমন বক্তব্য দেব। কিছু লোক আমার পেছনে লেগেছে, তারা এসব ভিডিও এডিট করে ভাইরাল করেছে।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম বলেন, সিরাজুলের এমন বক্তব্যের কারণে সাধারণ ভোটাররা আতঙ্কিত হচ্ছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে নির্বাচন কমিশনে আমি লিখিত অভিযোগ দেব।
এদিকে আজ বিকেলে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার। অভিযোগটি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছেন বলে জানান তিনি।